১ ডিসেম্বর থেকে সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু, দুই মাস রাত্রিযাপনের সুযোগ
দীর্ঘ বিরতির পর আগামী ১ ডিসেম্বর থেকে আবারও কক্সবাজার–সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল শুরু হচ্ছে। এবার পর্যটকদের জন্য ডিসেম্বর ও জানুয়ারি—দুই মাস দ্বীপে রাত্রিযাপনের সুযোগ থাকছে। তবে প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবেন এবং মানতে হবে সরকারের জারি করা ১২টি কঠোর নির্দেশনা। নিয়ম অনুযায়ী প্রতিদিন সকাল ৭টায় কক্সবাজারের নুনিয়ারছড়া জেটিঘাট থেকে জাহাজ ছাড়বে এবং পরদিন দুপুর ৩টায় সেন্টমার্টিন থেকে ফিরে আসবে।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম জানান, এমভি কর্ণফুলি এক্সপ্রেস, এমভি বারো আউলিয়া, কেয়ারি সিন্দাবাদ ও কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন—এই চারটি জাহাজ চলাচলের অনুমতি পেয়েছে। তিনি বলেন, পরিবেশ রক্ষায় ১২টি নির্দেশনা এবার কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। নিরাপত্তার কারণে আগের মতো টেকনাফ নয়, এবার কক্সবাজার শহর থেকেই পর্যটকবাহী জাহাজ সেন্টমার্টিনে যাবে।
জাহাজ মালিকদের সংগঠনের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, নভেম্বরে রাত্রিযাপনের অনুমতি না থাকায় পর্যটক কম ছিল, তাই জাহাজ চলাচলও বন্ধ রাখা হয়। তবে ডিসেম্বর থেকে দুই মাস রাত্রিযাপনের সুযোগ থাকায় পর্যটকদের আগ্রহ বাড়ছে। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, দুই হাজারের বেশি পর্যটক যেতে দেওয়া হবে না এবং দুই ঘাটে থাকবে কঠোর তল্লাশি।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, বিআইডব্লিউটিএর অনুমোদন ছাড়া কোনো নৌযান দ্বীপে যেতে পারবে না। ভ্রমণ করতে হবে অনলাইন টিকিটের ট্রাভেল পাস ও কিউআর কোডসহ। দ্বীপে রাতে সৈকতে আলো, শব্দ, বারবিকিউ, কেয়াবনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ, প্রবাল–কচ্ছপসহ জীববৈচিত্র্যের ক্ষতি এবং মোটরচালিত যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। পলিথিন বহন করা যাবে না এবং একবার ব্যবহার্য প্লাস্টিকও নিরুৎসাহিত করা হয়েছে।
সংশ্লিষ্ট বিভাগ আশা করছে, এসব নির্দেশনা মানলে সেন্টমার্টিনের নাজুক পরিবেশ রক্ষা পাবে এবং দ্বীপটি হয়ে উঠবে দায়িত্বশীল পর্যটনের উদাহরণ।