প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন পপ তারকা নিক জোনাসের প্রেম ও সংসার নিয়ে ভক্তদের কৌতূহল যেন কমছে না। বিয়ে হওয়ার পর প্রিয়াঙ্কা মার্কিন মুল্লুকে সম্পূর্ণভাবে স্থিতিশীল জীবন কাটাচ্ছেন, তবুও তাদের সম্পর্ক এখনও বলিউডের আলোচনার কেন্দ্রবিন্দু। অনেকে জানতে চায়, কীভাবে বলিউডের ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা নিক জোনাসের প্রেমে পড়েছিলেন। সম্প্রতি এই রহস্যের সূত্রপাত নিজেই উন্মোচন করেছেন অভিনেত্রী।
প্রিয়াঙ্কা চোপড়া সম্প্রতি জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মার শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর চতুর্থ সিজনে অতিথি হিসেবে হাজির হন। শো-এর একটি প্রমো ভিডিও ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে তিনি নিকের সঙ্গে পরিচয়ের মজার গল্প শেয়ার করেন।
ভিডিওতে দেখা যায়, মঞ্চে পা রাখার সঙ্গে সঙ্গে কপিল শর্মার ফিটনেস ও শারীরিক পরিবর্তন দেখে প্রিয়াঙ্কা অবাক হন। হাসিমুখে তিনি প্রশ্ন করেন, ‘তুমি এতো ফিট কীভাবে?’ রসিকতায় পটু কপিলও ছাড় দেননি। তিনি জানান, চারজন নায়িকার সঙ্গে একটি সিনেমায় কাজ করার কারণেই তার গ্ল্যামার ও ফিটনেস।
আড্ডার এক পর্যায়ে কপিল সরাসরি প্রিয়াঙ্কাকে জিজ্ঞেস করেন, নিক জোনাসের সঙ্গে তার প্রথম যোগাযোগ কীভাবে হয়েছিল। মজা করে কপিল জানতে চান, ‘আপনি কি সেই পুরনো যুগের চিঠির মতো পায়রার মাধ্যমে নিককে কোনো বার্তা পাঠিয়েছিলেন?’
প্রিয়াঙ্কা হেসে বলেন, ‘পায়রা নয়, তবে টুইটারের পাখির মাধ্যমে আমাদের আলাপ শুরু হয়েছিল।’ অর্থাৎ সোশ্যাল মিডিয়ার টুইটারেই তাদের সম্পর্কের সূচনা। প্রিয়াঙ্কার এই উত্তর শুনে কপিল নিজের ভাগ্য নিয়ে রসিকতা করে বলেন, ‘আমিও তো টুইটারে আছি, কিন্তু কেউ আমাকে প্রেমপত্র পাঠায় না, উল্টো আমার বিরুদ্ধে মামলা হয়!’
যেভাবে আলাপ শুরু হয়েছিল প্রিয়াংকা-নিকের