হাসিনা ও হাদি আসামিদের ফেরত চাই—দিল্লিকে ঢাকার অনুরোধ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর প্রথম বৈঠকে শেখ হাসিনাকে ফেরানোসহ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে। সোমবার সকালে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া দ্রুত করার জন্য ভারতের প্রতি অনুরোধ জানায় বাংলাদেশ।
একই সঙ্গে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদি হত্যা মামলায় ভারতে গ্রেপ্তার হওয়া প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকেও বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানানো হয়। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানিয়েছেন, শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া ত্বরান্বিত করতে ভারতকে তাগিদ দেওয়া হয়েছে। হাদি হত্যা মামলার আসামিদের হস্তান্তরের জন্য প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও কাগজপত্রও দিল্লিকে দেওয়া হয়েছে।
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনো কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে সীমান্ত হত্যা, জোর করে বাংলাদেশে পাঠানো এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়েও আলোচনা হয়েছে।