আজ ঐতিহাসিক বেতিয়ারা শহীদ দিবস! একাত্তরের এই দিনে কুমিল্লার চৌদ্দগ্রামের বেতিয়ারায় পাকিস্তানি হানাদার বাহিনীর অতর্কিত অ্যাম্বুশ ও ব্রাশফায়ারে শহীদ হয়েছিলেন বিশেষ গেরিলা বাহিনীর ৯ জন তরুণ বীর মুক্তিযোদ্ধা।
ন্যাপ, কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের যৌথ উদ্যোগে গঠিত বিশেষ গেরিলা বাহিনীর ৭৮ জন সদস্য ভারতের প্রশিক্ষণ শেষে দেশে ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় এই মর্মান্তিক ঘটনার শিকার হন। সোর্সের ভুল সংকেতের কারণে শত্রুর পাতা ফাঁদে পড়ে সম্মুখযুদ্ধে আত্মদান করেন সিরাজুম মুনীর জাহাঙ্গীর, নিজাম উদ্দিন আজাদ, বশিরুল ইসলাম মাস্টার, জহিরুল হক দুদু মিয়া, শহিদুল্লাহ সাউদ, আওলাদ হোসেন, আবদুল কাইয়ুম, আবদুল কাদের ও মোহাম্মদ শফিউল্লাহ।
বিশেষ করে, পাকিস্তানি সেনাদের মুখে 'পাকিস্তান জিন্দাবাদ' বলতে অস্বীকৃতি জানিয়ে মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত 'জয় বাংলা' স্লোগান দিয়ে শহীদ হওয়া কিষাণ বীর দুদু মিয়ার আত্মত্যাগ আমাদের ইতিহাসের এক অবিস্মরণীয় দৃশ্যকাব্য হয়ে রয়েছে। আজকের এই দিনে বীর শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা।