News

লিবিয়া থেকে ১৭০ জন বাংলাদেশী দেশে ফিরেছেন

শেয়ার করুন:
লিবিয়া থেকে ১৭০ জন বাংলাদেশী দেশে ফিরেছেন
  লিবিয়ায় অনিয়মিতভাবে অবস্থান করা এবং দেশে ফিরতে আগ্রহী ১৭০ জন বাংলাদেশিকে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় দেশে ফেরত আনা হয়েছে। লিবিয়ায় বাংলাদেশের দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সমন্বয়ে বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে মঙ্গলবার (১৮ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৬টা ১০ মিনিটে তারা ঢাকায় পৌঁছান। ফেরত আসা অধিকাংশ বাংলাদেশি মানবপাচারকারীদের প্রলোভনে সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন বলে জানা গেছে। অনেকের অভিযোগ, সেখানে বিভিন্ন সময়ে তারা অপহরণ ও নির্যাতনেরও শিকার হন। ঢাকায় পৌঁছানোর পর পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইওএমের কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান। জনসচেতনতা বাড়াতে নিজেদের অভিজ্ঞতা ও দুর্ভোগ অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার অনুরোধ করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। আইওএম তাদের প্রত্যেককে পথখরচ, খাদ্যসামগ্রী এবং প্রাথমিক চিকিৎসা সহায়তা প্রদান করে। লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকা বাংলাদেশিদের নিরাপদে দেশে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা যৌথভাবে কাজ করে যাচ্ছে।
পছন্দ হলে শেয়ার করুন: