চট্টগ্রাম

রেললাইনে গাছ ফেলে নাশকতার চেষ্টা সাতকানিয়ায়

শেয়ার করুন:
রেললাইনে গাছ ফেলে নাশকতার চেষ্টা সাতকানিয়ায়
চট্টগ্রামের সাতকানিয়ায় রেললাইনের ওপর গাছ ফেলে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। রোববার (১৬ নভেম্বর) ভোরে বিষয়টি নজরে এলে রেলের নিরাপত্তাকর্মীরা দ্রুত গাছ সরিয়ে ফেলেন, ফলে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন বা দুর্ঘটনা ঘটেনি। রেলওয়ে কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সাতকানিয়া রেলস্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে ঢেমশা ইউনিয়ন এলাকায় চট্টগ্রাম–কক্সবাজার রেলপথে রাতের কোনো এক সময় গাছের ডাল ছড়িয়ে-ছিটিয়ে রাখা হয়। সকাল ৬টার দিকে বিষয়টি জানতে পারে রেল কর্তৃপক্ষ এবং মাত্র ২০ মিনিটের মধ্যেই নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গাছ সরিয়ে দেন। কর্মকর্তারা জানান, শনিবার রাত ১১টার দিকে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী সৈকত এক্সপ্রেস স্টেশনটি অতিক্রম করে। এরপর থেকে ভোরের মধ্যে কোনো এক সময় গাছ ফেলা হয়। ভোর সাড়ে ৫টায় ঢাকা থেকে কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেসের স্টেশন অতিক্রম করার কথা থাকলেও ট্রেনটি সকাল ৭টার দিকে সাতকানিয়া অতিক্রম করে। এর আগেই লাইন পরিষ্কার হওয়ায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। ঘটনাটি নিশ্চিত করে সহকারী স্টেশনমাস্টার মং ইউ মারমা গণমাধ্যমকে জানান, রেললাইন এখন স্বাভাবিক আছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।  
পছন্দ হলে শেয়ার করুন: