সাতকানিয়ায় যৌথ অভিযানে ২২ রোহিঙ্গা শ্রমিক আটক
চট্টগ্রামের সাতকানিয়ায় যৌথ অভিযান চালিয়ে শ্রমিক পরিচয়ে বসবাসকারী ২২ রোহিঙ্গা যুবককে আটক করেছে উপজেলা প্রশাসন। তারা স্থানীয়ভাবে বাসা ভাড়া নিয়ে ইটভাটা ও কৃষিখাতে কাজ করে আসছিলেন বলে জানা গেছে।
শুক্রবার (২৮ নভেম্বর) গভীর রাতে উপজেলার ছদাহা ও কেওচিয়া ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়। প্রশাসন জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে শ্রমিক পরিচয়ে এলাকায় কাজ করছিলেন এবং বাসা ভাড়া নিয়ে স্থানীয়ভাবে অবস্থান করছিলেন। পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের নিজ নিজ ভাড়া বাসা থেকেই আটক করা হয়।
এর আগে ১৫ নভেম্বর সাতকানিয়া পৌরসভার একটি ইটভাটা থেকে আরও ৮ রোহিঙ্গা শ্রমিককে আটক করা হয়। সর্বশেষ শুক্রবারের অভিযানে ছদাহা ইউনিয়ন থেকে ১০ জন নির্মাণ শ্রমিক এবং কেওচিয়া ইউনিয়নের নয়া খালের মুখ এলাকা থেকে ইটভাটায় কর্মরত আরও ১২ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান জানান, মোট ২২ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে এবং সাতকানিয়া থানার মাধ্যমে তাদের রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।