সিএমপির ১৬ থানায় ওসিদের ব্যাপক রদবদল
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ১৬ থানায় অফিসার ইনচার্জ (ওসি) পদে বড় ধরনের রদবদল করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই পরিবর্তনের তথ্য জানা যায়। রদবদলে সিএমপির বিভিন্ন থানায় কর্মরত ওসিদের মধ্যেই লটারির মাধ্যমে দায়িত্ব পরিবর্তন করা হয়েছে।
নব আদেশ অনুযায়ী— কোতোয়ালি থানার ওসি আব্দুল করিমকে পাঠানো হয়েছে পাঁচলাইশে, বাকলিয়ার ওসি আফতাব উদ্দিনকে কোতোয়ালিতে, সদরঘাটের আব্দুর রহিমকে বন্দর থানায় এবং পাঁচলাইশের ওসি সোলায়মানকে দায়িত্ব দেওয়া হয়েছে বাকলিয়া থানায়।
এছাড়া বায়েজিদের ওসি জসিম উদ্দিন যাচ্ছেন চান্দগাঁওয়ে, আর চান্দগাঁওয়ের জাহেদুল কবির যাচ্ছেন বায়েজিদ থানা দায়িত্বে। খুলশীর ওসি শাহীনুর আলমকে কর্ণফুলীতে এবং ডবলমুরিংয়ের ওসি বাবুল আজাদকে বদলি করে আনা হয়েছে চকবাজার থানায়।
হালিশহর থানার ওসি নুরুল আবছার যাচ্ছেন পাহাড়তলী, আকবরশাহ থানা থেকে ওসি আরিফুর রহমান যাচ্ছেন সদরঘাটে, পাহাড়তলীর জামির হোসেন জিয়া ডবলমুরিংয়ে এবং কর্ণফুলীর ওসি জাহেদুল ইসলাম যাচ্ছেন খুলশীতে।
এছাড়া বন্দর থানার ওসি মোস্তফা আহম্মেদকে পদায়ন করা হয়েছে পতেঙ্গায়, পতেঙ্গার ওসি কাজী সুলতান আহসান যাচ্ছেন হালিশহরে এবং ইপিজেডের ওসি কামরুজ্জামান যাচ্ছেন আকবরশাহ থানায়।
অন্যদিকে চকবাজার থানার ওসি শফিকুল ইসলামকে সিটিএসবিতে পদায়ন করা হয়েছে। ইপিজেড থানার নতুন ওসি এখনো ঘোষণা করা হয়নি।