কক্সবাজারে স্থানীয় অর্থনীতি ও পর্যটন উন্নয়ন শীর্ষক ক্যাম্পেইন
কক্সবাজার পৌরসভা শনিবার (২২ নভেম্বর) স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন, পর্যটন খাতের টেকসই বিকাশ ও বেসরকারি খাতের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে আঞ্চলিক ক্যাম্পেইন আয়োজন করে। অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী। এ সময় কক্সবাজার ও পার্শ্ববর্তী পৌরসভার কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি, নারী উদ্যোক্তা, শিক্ষার্থী ও সাংবাদিকসহ দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজনে সহযোগিতা করেছে স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন প্রকল্প—প্রবৃদ্ধি (PRABRIDDHI), যা সুইজারল্যান্ড ও বাংলাদেশ সরকারের অর্থায়নে, স্থানীয় সরকার বিভাগ ও সুইসকন্ট্যাক্ট বাংলাদেশ বাস্তবায়ন করছে। পৌর প্রশাসক শামীম আল ইমরান এবং প্রকল্প পরিচালক ও স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব ওয়াহেদুর রহমান স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন মডেল এবং পৌরসভার সাফল্য তুলে ধরেন।
প্রধান অতিথি মো. রেজাউল মাকছুদ জাহেদী দেশের স্থানীয় অর্থনৈতিক উন্নয়নের কৌশলগত গুরুত্বের ওপর জোর দিয়ে বলেন, স্থানীয় সম্পদ ব্যবহার ও ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে স্থানীয় প্রবৃদ্ধি ত্বরান্বিত করা সম্ভব। বগুড়া পৌরসভার ৩৭% রাজস্ব বৃদ্ধি দেশের জন্য অনুকরণীয় মডেল হিসেবে কাজ করতে পারে।
সুইসকন্ট্যাক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হেলাল হোসেন বলেন, “প্রবৃদ্ধি প্রকল্পের মাধ্যমে পৌর নেতৃত্বের সক্ষমতা, স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন ও উদ্যোক্তা সৃষ্টি ইতিমধ্যেই টেকসই পরিবর্তন এনেছে।”
সেমিনারে এলইডি কাঠামো, স্থায়িত্ব, স্থানীয় উদ্ভাবন এবং এক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। দুই দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা স্থানীয় চ্যালেঞ্জ শনাক্তকরণ, অর্থনৈতিক সুযোগ খুঁজে বের করা এবং এলইডি পরিকল্পনা তৈরির ওপর কাজ করেন। অনুষ্ঠানের সমাপনীতে পৌর নেতৃত্ব, সরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন অংশীদাররা দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা এবং এলইডি মডেল সম্প্রসারণে একমত হন।