বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’
বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে বাংলাদেশ রাজধানী ঢাকা। সুইস সংস্থা আইকিউএয়ারের প্রকাশিত এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী বৃহস্পতিবার সকাল ৮টায় ঢাকার স্কোর ছিল ৩০২, যা ‘ঝুঁকিপূর্ণ’ শ্রেণিতে পড়ে। শহরের অন্তত চারটি এলাকায় বাতাসের মান অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে—মিরপুর দক্ষিণ পল্লবী (৩৭৪), ইস্টার্ন হাউজিং (৩৫৪), মাদানি সরণির বেজ এজওয়াটার (৩৩৪) ও কল্যাণপুর (৩০৪)। এছাড়া গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (২৮৭) ও পীরেরবাগ রেললাইন (২০২) এলাকায় মান ‘খুবই অস্বাস্থ্যকর’।
বায়ুদূষণের প্রধান উৎস হিসেবে ঢাকার বাতাসে অতিক্ষুদ্র ধূলিকণা পিএম ২.৫-এর মাত্রা আজ ডব্লিউএইচওর অনুমোদিত সীমার চেয়ে প্রায় ২৭ গুণ বেশি পাওয়া গেছে। দেশের মধ্যে সবচেয়ে দূষিত বাতাস আজ সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায়, যেখানে একিউআই স্কোর ৪১২। খুলনার বায়ুকুণ্ডও ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে—স্কোর ৩০২।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই ৫০-এর নিচে ভালো, ৫১–১০০ মাঝারি, ১০১–১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১–২০০ অস্বাস্থ্যকর, ২০১–৩০০ ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে দুর্যোগপূর্ণ বিবেচিত হয়। আজ সেই দুর্যোগপূর্ণ অবস্থাতেই রয়েছে ঢাকা।