স্বাস্থ্য/চিকিৎসা

প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুতে মৃতের সংখ্যা

শেয়ার করুন:
প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুতে মৃতের সংখ্যা
  এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু প্রতিদিনই নীরবে ভয়াবহতা বাড়িয়ে চলেছে। প্রায় প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। সাধারণত শীতের শুরুতে এডিস মশার উপদ্রব কমে আসার কথা। কিন্তু গত বছরের মতো এবারও একই পরিস্থিতি তৈরি হয়েছে। বর্ষা শেষে শীতের আমেজ দেখা দিলেও ডেঙ্গুর প্রকোপ কোনোভাবেই কমছে না, বরং আরও ভয়াবহ আকার নিয়েছে।এই ধারা অব্যাহত থাকলে চলতি মাসেই হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে মৃত্যুও বাড়তে পারে বলে মনে করছেন চিকিৎসকরা। ডেঙ্গুর বিস্তার রোধে এডিস মশা দমন করা ছাড়া বিকল্প নেই এ মন্তব্য করে আইইডিসিআরের উপদেষ্টা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন জানান, এ কাজটি এখনো যথাযথভাবে করা সম্ভব হয়নি। ফলে ডেঙ্গুর মৃত্যু ঠেকানো যাচ্ছে না, যদিও তা প্রতিরোধ করা সম্ভব। তিনি সতর্ক করে বলেন, ডেঙ্গুকে মৌসুমি রোগ ভেবে হালকাভাবে দেখার সময় আর নেই। স্বাস্থ্য অধিদপ্তরের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু হয়েছে। আগের ২৪ ঘণ্টাতেও মারা গেছেন ৫ জন। চলতি বছর এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩৬ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে রোববার (১৬ নভেম্বর) পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,১৩৯ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে বরিশাল বিভাগে ১৮১ জন, চট্টগ্রামে ১৪১ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ২৪৬ জন, ঢাকা উত্তর সিটিতে ১৮২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৮ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১৯ জন, ময়মনসিংহে (সিটি করপোরেশনের বাইরে) ৯৬ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৬ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯ জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১,১৯৯ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ছাড়পত্র পেয়েছেন ৮১ হাজার ৪৪২ জন। আর জানুয়ারি থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৮৪ হাজার ৯৯৭ জন ডেঙ্গু রোগী।
পছন্দ হলে শেয়ার করুন: