দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ইতিহাসের নতুন অধ্যায়ে পা রাখল জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় দুই দশক পর আজ প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভোটগ্রহণ শুরু হয়েছে। পাঁচটি ভবনের ৩৯টি কেন্দ্রে মোট ১৭৮টি বুথে ভোটগ্রহণ চলছে, যা বিকেল ৩টা পর্যন্ত চলবে। এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৩টি পদের বিপরীতে ১৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৪৪৫ জন।
নির্বাচনে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ, ছাত্রশিবির, বামপন্থি দলসমূহ এবং জাতীয় ছাত্রশক্তি সমর্থিত—এই চারটি প্যানেল অংশ নিচ্ছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিজস্ব ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, বিভিন্ন কারণে এর আগে তিন দফা জকসু নির্বাচনের তারিখ স্থগিত হয়েছিল। পরিবর্তিত রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় অবশেষে আজ এই বহুল প্রত্যাশিত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটগ্রহণ উপলক্ষে আজ বিশ্ববিদ্যালয়ের সব ইনস্টিটিউট ও বিভাগের ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা হয়েছে। ২০০৫ সালে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পর এই প্রথম জকসু নির্বাচন হওয়ায় শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।