নির্বাচন উত্তাপ বাড়ল, দুই আসনে প্রার্থিতা ফেরাল ইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুই গুরুত্বপূর্ণ আসনে নাটকীয় মোড়। ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা এবং কক্সবাজার-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হামিদুর রহমান আযাদ— এই দুই প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে রিটার্নিং কর্মকর্তাদের আগের সিদ্ধান্ত বাতিল করে তাদের প্রার্থিতা ফিরিয়ে দেওয়া হয়। এর ফলে নির্বাচনে অংশগ্রহণে
দুই প্রার্থীর আইনি বাধা দূর হলো। প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই আপিল শুনানি পরিচালিত হয়। প্রথম দিনের নির্ধারিত ৭০টি আবেদনের মধ্যে এই দুই প্রার্থীর আপিল নিষ্পত্তি করা হয়।
ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক জানান, আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল শুনানি চলবে। সূচি অনুযায়ী, ১১ জানুয়ারি ৭১ থেকে ১৪০ নম্বর এবং ১২ জানুয়ারি ১৪১ থেকে ২১০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। গত ৪ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই শেষে ৭২৬টি আবেদন বাতিল করা হয়েছিল। এর বিপরীতে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল জমা পড়ে। চলমান এই শুনানির মাধ্যমে আগামী কয়েক দিনে আরও অনেক প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে।