২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল হোসেন নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় নতুন মোড় নিয়েছে। গত ১৫ ডিসেম্বর ২৮ জন শিক্ষার্থীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পিবিআই। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিষয়টি প্রকাশ্যে আসে। এর আগে শাহবাগ থানা পুলিশ ২১ জনকে অভিযুক্ত করে চার্জশিট দিলেও বাদীপক্ষের নারাজির পরিপ্রেক্ষিতে আদালত অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছিলেন।
চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে সাবেক ছাত্রলীগ নেতা জালাল মিয়াসহ বিভিন্ন বিভাগের ২৮ জন শিক্ষার্থী রয়েছেন। তবে পিবিআই’র এই প্রতিবেদনেও সন্তোষ প্রকাশ করেনি বাদীপক্ষ। আইনজীবী অ্যাডভোকেট সেলিম জাভেদ জানিয়েছেন, তারা পুনরায় নারাজি দাখিল করবেন, যার শুনানি আগামী ১০ মার্চ অনুষ্ঠিত হতে পারে।
মামলার বিবরণে জানা যায়, মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলকে প্রথমে হলের অতিথি কক্ষে আটকে চড়-থাপ্পড় মারা হয়। পরে ক্যান্টিনে খাবার খাইয়ে দক্ষিণ ভবনের গেস্ট রুমে নিয়ে জানালার সঙ্গে হাত বেঁধে স্ট্যাম্প ও হকিস্টিক দিয়ে নির্মম নির্যাতন চালানো হয়, যার ফলে তার মৃত্যু ঘটে। নিহতের বোন এ ঘটনায় প্রভোস্টসহ ১৫ জনের বিরুদ্ধে পৃথক মামলার আবেদন করলে আদালত তা মূল মামলার সঙ্গে যুক্ত করার নির্দেশ দেন।