রাজনীতি

জকসু ও হল সংসদ নির্বাচনে উৎসবমুখর ভোটগ্রহণ শুরু

শেয়ার করুন:
জকসু ও হল সংসদ নির্বাচনে উৎসবমুখর ভোটগ্রহণ শুরু

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকেল ৩টা পর্যন্ত। ভোট শুরুর সঙ্গে সঙ্গে বিভিন্ন কেন্দ্রে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।

ভোটারদের সুবিধার্থে ভোর থেকেই বিশ্ববিদ্যালয়ের সব রুটে বাস চলাচল করে। সকাল সাড়ে ৮টার আগেই দূর-দূরান্ত থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসে পৌঁছান। পুরান ঢাকায় অবস্থানরত শিক্ষার্থীরাও সকাল ৯টার মধ্যে ভোট দিতে কেন্দ্রে হাজির হন। প্রথমবারের জকসু নির্বাচনে শিক্ষার্থীদের মধ্যে ছিল স্পষ্ট উচ্ছ্বাস।

শহীদ সাজিদ ভবন, রফিক ভবন, বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের কেন্দ্রগুলোতে দীর্ঘ সারি দেখা যায়। বিশেষ করে নারী শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আইরিন শুভ্রা জানান, প্রথমবার ভোট দিতে পেরে তিনি আনন্দিত।

এবার মোট ভোটার ১৬ হাজার ৩৬৫ জন। ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোট হচ্ছে। জকসুর ২১ পদে ১৫৭ জন এবং হল সংসদের ১৩ পদে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট শেষে ওএমআর মেশিনে গণনা শেষে ফল ঘোষণা করা হবে কেন্দ্রীয় অডিটরিয়ামে।

পছন্দ হলে শেয়ার করুন: