চিড়িয়াখানা থেকে সিংহ বেরিয়ে আতঙ্ক, এনেস্থেসিয়া প্রয়োগে নিরাপদে ফেরানো হলো
ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানায় শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে পৌনে ৫টার মধ্যে একটি সিংহ খাঁচা থেকে বেরিয়ে আসে। তবে সেটি দর্শনার্থী এলাকায় না গিয়ে নিজ খাঁচার সীমানার মধ্যেই অবস্থান করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত দর্শনার্থীদের সরিয়ে নেওয়া হয়, ফলে প্রাণীটি উত্তেজিত হয়নি বলে জানান চিড়িয়াখানার কিউরেটর ড. আতিকুর রহমান।
তিনি বলেন, প্রথমে গরুর মাংস দিয়ে সিংহটিকে শান্ত রাখা হয়। পরে বন্দুকের মাধ্যমে এনেস্থেসিয়া ইনজেকশন প্রয়োগ করলে সিংহটি অচেতন হয়ে পড়ে। এরপর নিরাপদে তাকে আবার খাঁচায় ফিরিয়ে নেওয়া সম্ভব হয়।
এ ঘটনায় খাঁচা ভাঙার কারণ এখনও পরিষ্কার নয়। চিড়িয়াখানার পরিচালক ডা. রফিকুল ইসলাম জানান, সিংহটি কীভাবে বেরিয়ে এলো তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। সিংহকে খাঁচায় ফেরানোর পরই তদন্ত শুরু করা হবে বলে জানান তিনি।