ঢাকা

সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভবনে আগুন

শেয়ার করুন:
সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভবনে আগুন
বাংলাদেশ সচিবালয়ের নতুন ১ নম্বর ২০ তলা ভবনের ৯ তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার (৩০ নভেম্বর) দুপুর ২টার দিকে জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ থাকা এই ভবনের বাহিরাংশে আগুন দেখা যায়। তবে ছড়িয়ে পড়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে জানা গেছে, ভবনের বাইরের দিকে স্থাপিত একটি এক্সহস্ট ফ্যানের বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সচিবালয়ে গেলেও আগুন নেভাতে তাদের কার্যত কোনো ভূমিকা রাখতে হয়নি। ভবনের ভেতরে থাকা ফায়ার এক্সটিংগুইশার দিয়েই আগুন দ্রুত নিভিয়ে ফেলা হয়। ফায়ার সার্ভিসের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, “আগুন লাগার খবর পাওয়ার পর আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে তাদের কাজ করতে হয়নি, এক্সটিংগুইশার ব্যবহার করেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।” ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার সময় সচিবালয়ে স্বাভাবিক কার্যক্রম চলছিল। দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।  
পছন্দ হলে শেয়ার করুন: