রাজধানী

আবারও দূষিত বাতাসের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয় অবস্থানে

শেয়ার করুন:
আবারও দূষিত বাতাসের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয় অবস্থানে

বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরেই মেগাসিটি ঢাকা এই দূষণের চাপে রয়েছে। মাঝে কিছুদিন রাজধানীর বায়ুমান সামান্য উন্নতির ইঙ্গিত দিলেও সম্প্রতি আবারও বাতাসে দূষণের মাত্রা বেড়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ২১৬ একিউআই স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা। এই মাত্রার বায়ুমানকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

একই সময়ে ৪২৪ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। দ্বিতীয় অবস্থানে থাকা আফগানিস্তানের রাজধানী কাবুলের স্কোর ২৪৩। ঢাকার পর চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের আরেক শহর কলকাতা, যার একিউআই স্কোর ২১৪।

একিউআই সূচক অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোরকে ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ স্কোর মাঝারি মানের বায়ু নির্দেশ করে। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ স্কোরকে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।

এছাড়া ২০১ থেকে ৩০০-এর মধ্যে একিউআই স্কোর হলে তা ‘খুব অস্বাস্থ্যকর’ ধরা হয়। এ অবস্থায় শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয় এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত রাখতে বলা হয়। আর ৩০১ থেকে ৪০০ স্কোরের বায়ু ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত, যা নগরবাসীর জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

পছন্দ হলে শেয়ার করুন: