২৪ ঘণ্টার ব্যবধানে আবারো ভূমিকম্প
ঢাকা ও আশপাশের এলাকায় বড় ধরনের ভূমিকম্পের ২৪ ঘণ্টা না যেতেই আবারও কম্পন অনুভূত হয়েছে গাজীপুরের বাইপাইলে। শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে স্বল্পমাত্রার এ ভূমিকম্প রেকর্ড করে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৩।
কেন্দ্রে দায়িত্বরত সহকারী নিজাম উদ্দিন আহমেদ জানান, এটি একটি মাইনর ভূমিকম্প এবং এর উৎপত্তিস্থল ছিল গাজীপুরের বাইপাইল এলাকা। যদিও কম্পনের মাত্রা কম ছিল, তবুও সকালে আবারও মাটিতে হালকা দুলুনি অনুভূত হওয়ায় স্থানীয়দের মধ্যে সাময়িক উদ্বেগ সৃষ্টি হয়।
এর মাত্র একদিন আগে শুক্রবার সকালে রাজধানী ঢাকার পূর্বদিকে ১৩ কিলোমিটার দূরে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে রাজধানীসহ আশপাশের জেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়। ভয়াবহ সেই কম্পনে দুই শিশু সহ ১০ জনের মৃত্যু হয়—এর মধ্যে ঢাকা থেকে ৪ জন, নরসিংদীতে ৫ জন ও নারায়ণগঞ্জে ১ জন। শত শত মানুষ বিভিন্ন জেলায় আহত হন এবং বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।
নতুন এই কম্পন ভূমিকম্প-প্রবণতা নিয়ে আবারও উদ্বেগ বাড়িয়েছে স্থানীয়দের মধ্যে।