সংস্কারের অগ্রগতি নিয়ে আইন উপদেষ্টার নতুন বার্তা
গুরুত্বপূর্ণ গুম অধ্যাদেশ ও বেশ কিছু সংস্কার অগ্রগতি নিয়ে নতুন বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানিয়েছেন, বহুল প্রতীক্ষিত গুম অধ্যাদেশের গেজেট নোটিফিকেশন প্রকাশ হয়েছে ১ ডিসেম্বর রাত ১১টায়।
সোমবার গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব তথ্য তুলে ধরেন। আইন উপদেষ্টা জানান, কয়েকদিন আগে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি করা হয়েছে।
আগামী কয়েক দিনের মধ্যেই হিউম্যান রাইটস কমিশন আইনের আরেকটি সংস্কার সম্পন্ন হবে বলেও জানান তিনি। ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন, বিচার বিভাগীয় সংস্কারে যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, তার প্রায় ৯০ শতাংশই সম্পন্ন হয়েছে। পাশাপাশি পুলিশ সংস্কার আইন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার অধ্যাদেশের কাজ দ্রুত শেষ করার জন্যও তারা কাজ করছেন।
তিনি বিশ্বাস প্রকাশ করেন, ভবিষ্যতের নির্বাচিত সরকারগুলো যদি আন্তরিকতার সঙ্গে এসব আইন বাস্তবায়ন অব্যাহত রাখে, তাহলে আগামীর বাংলাদেশ আরও মানবাধিকারসম্মত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে।