ঐতিহাসিক স্থাপত্যের নকশায় নতুন ৫০০ টাকার নোট বাজারে
বাংলাদেশ ব্যাংক ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যের ওপর ভিত্তি করে নতুন নকশার ৫০০ টাকার নোট বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। ২০২৪ সালের ছাত্র–জনতার অভ্যুত্থানের পর অর্ন্তবর্তীকালীন সরকার বঙ্গবন্ধুর ছবি বাদ দিয়ে সব মূল্যমানের নোট নতুনভাবে ডিজাইন করার সিদ্ধান্ত নেয়। তারই ধারাবাহিকতায় আগামী বৃহস্পতিবার নতুন ৫০০ টাকার নোট ইস্যু করা হবে।
মঙ্গলবার জানানো হয়েছে, নোটটি প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে পাওয়া যাবে, পরে অন্যান্য শাখাতেও বিতরণ করা হবে। গভর্নর আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নোটটির আকার হবে ১৫২ মিমি দৈর্ঘ্য ও ৬৫ মিমি প্রস্থ।
নতুন নোটের সামনের বাম পাশে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি ও মাঝখানে জলছাপে পাতা–কলিসহ জাতীয় ফুল শাপলার নকশা থাকবে। পেছনে যুক্ত করা হয়েছে সুপ্রিম কোর্ট ভবনের ছবি। জলছাপ হিসেবে ব্যবহৃত হয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের মুখ ও নিচে ইলেকট্রো টাইপে ‘৫০০’। নোটে সবুজ রঙের আধিক্য রাখা হয়েছে।
নিরাপত্তার জন্য যুক্ত করা হয়েছে ১০টি বৈশিষ্ট্য—যার মধ্যে রয়েছে রঙ পরিবর্তনশীল কালি, লাল–সোনালি রঙের পেঁচানো নিরাপত্তা সুতা ও দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য স্পর্শ শনাক্তযোগ্য পাঁচটি বৃত্ত। শহীদ মিনার ও মূল্যমানের কিছু অংশ ইন্টাগ্লিও প্রিন্টে করা হয়েছে।
এ নোট ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ সিরিজের অংশ। এর আগে ১০০০, ১০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট প্রকাশিত হয়েছে। নতুন নোট চালুর পরও পুরনো সব নোট ও কয়েন স্বাভাবিকভাবে চলবে। সংগ্রাহকদের জন্য বিশেষ নমুনা নোটও টাকা জাদুঘর থেকে সংগ্রহ করা যাবে।