সর্বশেষ

মৌসুমের প্রথম যাত্রায় ১২০০ পর্যটক নিয়ে সেন্ট মার্টিনের পথে তিন জাহাজ

শেয়ার করুন:
মৌসুমের প্রথম যাত্রায় ১২০০ পর্যটক নিয়ে সেন্ট মার্টিনের পথে তিন জাহাজ
মৌসুমের প্রথম দিনে সেন্ট মার্টিনের উদ্দেশে ১২০০ পর্যটক নিয়ে যাত্রা করেছে তিনটি জাহাজ। সোমবার সকাল ৭টা ১৫ মিনিটে কক্সবাজারের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে এমভি কর্ণফুলী এক্সপ্রেস, এমভি বার আউলিয়া ও কেয়ারি সিন্দাবাদ যাত্রা শুরু করে। ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ঘাটে আসতে থাকেন। টিকিট যাচাইয়ের পর প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেককে উপহার হিসেবে দেওয়া হয় পরিবেশবান্ধব পানির বোতল। সরকারি নির্দেশনায় প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক অনুমতিপ্রাপ্ত জাহাজে যেতে পারবেন এবং আগামী দুই মাস, অর্থাৎ ৩১ জানুয়ারি পর্যন্ত দ্বীপে রাত্রিযাপন করা যাবে। টিকিট সংগ্রহ করতে হবে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত অনলাইন প্ল্যাটফরম থেকে, যেখানে প্রতিটি টিকিটে থাকবে ট্রাভেল পাস ও কিউআর কোড। কিউআর কোড ছাড়া টিকিট নকল হিসেবে গণ্য হবে। সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, মোট ছয়টি জাহাজ অনুমতি পেলেও যাত্রীসংখ্যা অনুযায়ী প্রথম দিনে তিনটি জাহাজ চলেছে। জোয়ার-ভাটা ও নাব্যতার ওপর ভিত্তি করে যাত্রার সময় নির্ধারণ করা হয়েছে। সেন্ট মার্টিন থেকে বিকেলে জাহাজগুলো কক্সবাজারে ফিরবে। ঘাটে উপস্থিত জেলা প্রশাসক আব্দুল মান্নান বলেন, নির্দেশনা বাস্তবায়নে প্রশাসন বদ্ধপরিকর এবং পর্যটক ও সংশ্লিষ্টদের সহযোগিতা প্রত্যাশা করছে।
পছন্দ হলে শেয়ার করুন: