পরীক্ষা স্থগিতের দাবিতে আন্দোলন চললেও পিএসসির সিদ্ধান্ত অপরিবর্তিত
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ২৭ নভেম্বর ২০২৫ থেকে শুরু হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পরীক্ষা পেছানোর দাবিতে এক মাসেরও বেশি সময় ধরে প্রার্থীদের আন্দোলন চললেও পিএসসি জানিয়েছে, প্রস্তুতি সম্পন্ন হওয়ায় এখন তারিখ পরিবর্তন সম্ভব নয়।
রাজধানীতে আন্দোলনের পাশাপাশি রাজশাহী ও ময়মনসিংহে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করলে কয়েক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। আন্দোলনকারীরা অনশনের হুঁশিয়ারিও দেন। তবে রোববার (২৩ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, ২০২৪ সালের নভেম্বরে বিজ্ঞপ্তি প্রকাশ এবং ডিসেম্বর–জানুয়ারিতে আবেদন গ্রহণের পর প্রার্থীরা গত ১৯ সেপ্টেম্বর প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন। এতে ১০ হাজার ৬৪৪ জনকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে।
পিএসসি আরও জানায়, গত ৩ জুনই লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছিল; তাই মাত্র দুই মাস সময় দেওয়া হয়েছে—এ দাবি সঠিক নয়। কমিশনের মতে, বিসিএসের প্রস্তুতি দীর্ঘমেয়াদি এবং পরীক্ষার আগের দুই–চার মাসের ওপর নির্ভর করা যৌক্তিক নয়।
সংস্থাটি জানায়, রোডম্যাপ অনুসারে সময়মতো পরীক্ষা নেওয়া বড় অগ্রাধিকার। পরীক্ষা পেছানো হলে এ পরিকল্পনা ব্যাহত হবে। তাই প্রার্থীদের নির্ধারিত সময়েই লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।