১৩ ঘণ্টায় তিনবার কেঁপে উঠল দেশ
বাংলাদেশে ১৩ ঘণ্টার মধ্যে তিন দফা ভূমিকম্প অনুভূত হয়েছে এ তথ্য নিশ্চিত করেছে ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র। কম্পনগুলো ছিল মৃদু থেকে মাঝারি মাত্রার।
কেন্দ্রের তথ্যমতে, গতকাল রাত ৩টার কিছু পরে শুরু হয়ে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকাল ৪টা ১৫ মিনিটে শেষ হওয়া পর্যন্ত মোট তিনটি কম্পন ধরা পড়ে। সর্বশেষ ভূমিকম্পটির কেন্দ্র ছিল নরসিংদীর ঘোড়াশাল, রিখটার স্কেলে তার মাত্রা ৩.৬। কম্পন দুর্বল হওয়ায় অনেকেই তা টের পাননি।
প্রথম ভূমিকম্পটি অনুভূত হয় গতকাল গভীর রাতে, প্রায় ৩টা ২৯ মিনিটে। বঙ্গোপসাগরে সৃষ্ট ৪ মাত্রার এই ভূমিকম্পটির কেন্দ্র ছিল টেকনাফ থেকে প্রায় ১১৮ কিলোমিটার দূরে। হালকা কম্পন হওয়ায় কক্সবাজারের টেকনাফে বেশিরভাগ মানুষ তা অনুভব করতে পারেননি এ তথ্য জানিয়েছে ভূকম্পনবিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি।
যদিও তারা ভূমিকম্পটির গভীরতা জানাতে পারেনি, ইএমএসসি জানিয়েছে এর উৎপত্তিস্থল ছিল মাটির ১০ কিলোমিটার নিচে।
এর অল্প পরেই, রাত ৩টা ৩০ মিনিট ৪৯ সেকেন্ডে সিলেটে আরেকটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্রা ছিল ৩.৪। দুর্বল কম্পনের কারণে অনেকেই বিষয়টি বুঝতে পারেননি। সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, ২১ নভেম্বর সকালে শক্তিশালী ভূমিকম্পে ঢাকাসহ সারা দেশ কেঁপে উঠে। ৫.৭ মাত্রার ওই ভূমিকম্পে শিশুসহ ১০ জন নিহত এবং ছয় শতাধিক মানুষ আহত হন।
বিকাল ৪টা ১৫ মিনিট ২০ সেকেন্ডে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সর্বশেষ ভূমিকম্পটি অনুভূত হয় বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির। এর মাত্রা ছিল ৩.৬, এবং উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশাল।