রাজধানী

স্যাটায়ার কার্টুন পেইজের বিরুদ্ধে মামলার প্রতিবাদ

শেয়ার করুন:
স্যাটায়ার কার্টুন পেইজের বিরুদ্ধে মামলার প্রতিবাদ
সাম্প্রতিক সময়ে স্যাটায়ারধর্মী কার্টুন পেইজ ‘ইয়ার্কি’-এর বিরুদ্ধে দায়ের হওয়া মামলার প্রতিবাদ জানিয়েছেন কার্টুনিস্ট ও ‘উন্মাদ’ ম্যাগাজিনের সম্পাদক আহসান হাবীব। শনিবার (৬ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে নাগরিক কোয়ালিশন আয়োজিত ‘স্যাটায়ার মিম ও কার্টুন-মতপ্রকাশ নাকি মর্যাদাহানি’ শীর্ষক সভায় তিনি বলেন, “আমাদের চারদিকে অনেক সমস্যা রয়েছে, তবু হাসি জরুরি। ইয়ার্কির বিরুদ্ধে দায়ের করা মামলার তীব্র প্রতিবাদ জানাই। আমরা সুস্থ ও সুন্দর সমাজ চাই।” সভায় উপস্থিত ছিলেন লেখক সুমন রহমান, ফিরোজ আহমেদ, আইনজীবী সারা হোসেন, কার্টুনিস্ট সিমু নাসের ও মেহেদী হক। আহসান হাবীব জানান, ‘উন্মাদ’ ম্যাগাজিনে ফিচার কার্টুন বেশি থাকলেও পলিটিক্যাল বিষয়গুলো ফিচারের মধ্যেই স্থান পেত। তবে মামলা ও চাপের কারণে সাবধানে কাজ করতে হতো। বক্তারা বলেন, স্যাটায়ার, মিম ও কার্টুন বাংলাদেশের সংস্কৃতিতে দীর্ঘদিন ধরে মতপ্রকাশের গুরুত্বপূর্ণ মাধ্যম। বিগত সরকারের আমলেও মূলধারার গণমাধ্যম নীরব থাকলেও স্যাটায়ার পেজগুলো ঝুঁকি নিয়ে সমালোচনা চালিয়ে গেছে। ২ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি সাদিক কায়েম বাদী হয়ে কয়েকটি পেজের নামে মামলা দায়ের করেন। বক্তারা দাবি করেন, এই হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার হোক। কনটেন্ট নির্মাতা শিক্ষার্থী ও পেশাজীবীদের আইনি সুরক্ষা নিশ্চিত করা হোক। একইসঙ্গে রাষ্ট্রকে আহ্বান জানানো হয়, বাক-স্বাধীনতা রক্ষায় বলিষ্ঠ পদক্ষেপ দেখাতে হবে।
পছন্দ হলে শেয়ার করুন: