রাজধানী

মেট্রোরেলের যাত্রী সেবা বন্ধের ঘোষণা শুক্রবার থেকে

শেয়ার করুন:
মেট্রোরেলের যাত্রী সেবা বন্ধের ঘোষণা শুক্রবার থেকে
ডিএমটিসিএলের কর্মকর্তা-কর্মচারীরা অভিযোগ করেছেন যে, ২০১৩ সালে প্রতিষ্ঠার পর ১২ বছর কেটে গেলেও প্রতিষ্ঠানটির ৯০০-র বেশি কর্মীর জন্য এখনো কোনো স্বতন্ত্র চাকরি-বিধিমালা চূড়ান্ত হয়নি। ২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের বাণিজ্যিক কার্যক্রম শুরু হওয়ার পর থেকে উন্মুক্ত নিয়োগে যোগ দেওয়া এসব কর্মী দিন-রাত দায়িত্ব পালন করলেও ছুটি, সিপিএফ, গ্র্যাচুইটি, শিফট অ্যালাউন্স/ওভারটাইম, গ্রুপ ইনস্যুরেন্সসহ মৌলিক সুবিধাগুলো থেকে বঞ্চিত বলে তারা অভিযোগ করছেন। কর্মচারীদের আরও দাবি, উপদেষ্টা কমিটির নির্দেশনা অনুসারে ২০২৪ সালের ১২ সেপ্টেম্বরের পর ৬০ কর্মদিবসের মধ্যে সার্ভিস রুল প্রণয়ন করার কথা থাকলেও তা বাস্তবায়িত হয়নি। পরে ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি কর্মচারীরা আন্দোলনে নামলে ২০ ফেব্রুয়ারি কর্তৃপক্ষ ২০ মার্চের মধ্যে সার্ভিস রুল চূড়ান্ত করার আশ্বাস দেয়। কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় টানা ৯ মাস ধরে কর্মীদের মধ্যে ক্ষোভ জমে উঠেছে। তাদের অভিযোগ অনুযায়ী, গত ১০ ডিসেম্বর ব্যবস্থাপনা পরিচালক কর্মচারীদের সঙ্গে এক বৈঠকে জানিয়েছেন—সার্ভিস রুলের সব ধারা নিয়ে পরিচালনা পর্ষদ একমত হলেও বিশেষ বিধান সংক্রান্ত একাদশ অধ্যায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এই বিশেষ বিধানটি মেট্রোরেল প্রকল্পের জনবলকে ডিএমটিসিএলে আত্মীকরণের বিষয়ে, যা কর্মচারীদের ভাষায় বাংলাদেশের প্রচলিত আইন ও সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে সাংঘর্ষিক। তারা অভিযোগ করেন, পরিচালনা পর্ষদ বিতর্কিত বিধান বাদ দিতে আগ্রহী হলেও কর্তৃপক্ষের চাপের কারণেই সার্ভিস রুল প্রকাশ বিলম্বিত হচ্ছে। কর্মচারীরা ঘোষণা দিয়েছেন, ১১ ডিসেম্বরের মধ্যেও সার্ভিস রুল প্রণয়ন না হলে ১২ ডিসেম্বর শুক্রবার সকাল ৭টা থেকে সর্বাত্মক কর্মবিরতি এবং যাত্রীসেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। এতে প্রতিদিনের কয়েক লাখ যাত্রীর ভোগান্তি তৈরি হলেও কর্মচারীদের বক্তব্য—“এ দায় পুরোপুরিই ডিএমটিসিএল কর্তৃপক্ষের। বাধ্য হয়েই আমরা কর্মবিরতিতে যাচ্ছি।” তাদের জোর দাবি, “চাকরি-বিধিমালা ছাড়া ক্যারিয়ার, বেতন-সুবিধা বা ন্যায্য অধিকার সুরক্ষিত নয়—তাই আর আশ্বাস নয়, প্রকাশিত সার্ভিস রুল ছাড়া কোনো সমাধান নয়।
পছন্দ হলে শেয়ার করুন: