ব্যক্তিগত চাপ ও খ্যাতির ভার নিয়ে মুখ খুললেন অস্কারজয়ী এআর রহমান
অস্কারজয়ী সংগীতপরিচালক ও সুরকার এআর রহমান বিচ্ছেদের পর প্রথমবার ব্যক্তিগত জীবন, খ্যাতির বোঝা এবং মানসিক চাপ নিয়ে খোলামেলা কথা বলেছেন। তাঁর বক্তব্যে স্পষ্ট—বিশ্বখ্যাতির আলো যত ঝলমলে, এর আড়ালে লুকিয়ে থাকে অবিরাম ত্যাগ, অস্বস্তি ও ব্যক্তিগত পরিসর হারানোর বেদনা।
‘স্লামডগ মিলিয়নিয়ার’-এর সুরকার এআর রহমান স্ত্রী সায়রা বানুর সঙ্গে ২৯ বছরের দাম্পত্যজীবনের পর গত বছর বিচ্ছেদের ঘোষণা দেন। যদিও সম্পর্ক ভাঙার কারণ প্রকাশ্যে আনেননি কেউই, সায়রা জানান—ব্যক্তিগত দূরত্ব থাকলেও রহমানের প্রতি তাঁর সম্মান অটুট।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রহমান জানান, চেন্নাই ও খ্যাতি—দুটোই তাঁর জীবন বদলে দিয়েছে। জনপ্রিয়তা তাঁকে যেমন বিশ্বমঞ্চে পরিচিত করেছে, তেমনই কেড়ে নিয়েছে ব্যক্তিগত স্বাধীনতা। তিনি বলেন, বাইরে বের হলেই ছবি তোলার অনুরোধে স্বাভাবিক জীবনযাপন অসম্ভব হয়ে পড়ে। এমনকি বিয়েবাড়িতে খেতে গেলেও মানুষের ভিড়ে অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়, তাই এখন আর এমন জায়গায় যান না।
বিদেশে গেলে তুলনামূলকভাবে বেশি ব্যক্তিগত পরিসর পাওয়া যায় বলেও জানান রহমান। তবু দেশ ছাড়ার কথা কখনো ভাবেননি তিনি। তাঁর ভাষায়, “খ্যাতি অনেক কিছু কেড়ে নিয়েছে, কিন্তু আমার মাটির প্রতি টান আমাকে এখানেই ধরে রেখেছে।”