বাণিজ্য

ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিকের বিরুদ্ধে ৬৭৮ কোটি টাকার মানিলন্ডারিং মামলা

শেয়ার করুন:
ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিকের বিরুদ্ধে ৬৭৮ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
চোরাচালানের মাধ্যমে স্বর্ণ ও হীরা সংগ্রহ করে অবৈধভাবে উপার্জিত ৬৭৮ কোটি টাকার মানিলন্ডারিংয়ের প্রাথমিক সত্যতা পাওয়ায় ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে মামলা করেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। মঙ্গলবার (১৮ নভেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেন। ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের আর্থিক লেনদেন ও নথি পর্যালোচনা করে অনুসন্ধান শুরু করে সিআইডি। তদন্তে দেখা যায়, প্রতিষ্ঠানটি ২০০৬ থেকে ২০২৪ সালের মধ্যে ৩৮ কোটি ৪৭ লাখ টাকার স্বর্ণ ও হীরা বৈধভাবে আমদানি করলেও একই সময়ে স্থানীয় বাজার থেকে ৬৭৮ কোটি টাকার স্বর্ণ ও হীরা সংগ্রহ করেছে—যার কোনো বৈধ উৎস বা কাগজপত্র প্রতিষ্ঠানটি দেখাতে পারেনি। এসব স্বর্ণ–হীরা চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে বলে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া যায়। সোমবার (১৭ নভেম্বর) এই অভিযোগে ৬৭৮ কোটি ১৯ লাখ ১৪ হাজার ১৪ টাকার মানিলন্ডারিং মামলা রুজু করা হয়। সিআইডি জানায়, দিলীপ আগরওয়ালা দেশ–বিদেশে ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে অর্থ পাচার ও স্বর্ণ–হীরা চোরাচালানে জড়িত ছিলেন। গুলশান থানায় দায়ের করা মামলার তদন্ত সিআইডি নিজেই পরিচালনা করবে। নথিপত্র, ব্যাংক লেনদেন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত তদন্ত শুরু করা হবে।
পছন্দ হলে শেয়ার করুন: