ছয় লাখ টন চাল ও গম আমদানির সিদ্ধান্তে সরকার
দ্রুত সময়ে ৩ লাখ টন চাল ও ৩ লাখ টন গম আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ উদ্দেশ্যে পত্রিকায় দরপত্র বিজ্ঞাপন প্রকাশের পর দরপত্র জমা দেওয়ার সময়সীমা ৪২ দিন থেকে কমিয়ে ১৫ দিনে আনার প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় এ প্রস্তাব অনুমোদন করা হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন বিবেচনায় ঝুঁকি ছাড়া নির্ধারিত সময়ে চাল সংগ্রহ নিশ্চিত করতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৩ লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে। এ জন্য পিপিআর ২০২৫–এর বিধি ১০২(১)(ক) অনুযায়ী দরপত্র দাখিলের সময়সীমা ৪২ দিনের বদলে ১৫ দিন করার প্রস্তাব খাদ্য মন্ত্রণালয় থেকে উপস্থাপন করা হয়। উপদেষ্টা পরিষদ কমিটি সেই প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের আরেক প্রস্তাব অনুযায়ী আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমেই ৩ লাখ টন গম আমদানি করা হবে।
এ ছাড়া বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নাধীন ‘হোস্ট অ্যান্ড এফডিএমএন এনহ্যান্সমেন্ট অব লাইভস থ্রু ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভমেন্ট (হেল্প)’ প্রকল্পের হেল্প/ইউএন-১ প্যাকেজের কাজ আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে বাস্তবায়নের নীতিগত অনুমোদনও বৈঠকে দেওয়া হয়েছে। জানা গেছে, এ প্যাকেজের মাধ্যমে কক্সবাজারে দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়ানোসহ এফডিএমএন এবং স্থানীয় জনগোষ্ঠীর নিরাপত্তা ও প্রবেশাধিকার উন্নত করা হবে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৩৬৩ কোটি টাকা।