রাজধানী

উদীচী, ছাত্র ইউনিয়ন ও যুব ইউনিয়নের আলোর মিছিল

শেয়ার করুন:
উদীচী, ছাত্র ইউনিয়ন ও যুব ইউনিয়নের আলোর মিছিল
বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিনে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আলোর মিছিল ও প্রদীপ প্রজ্বালন কর্মসূচি পালন করেছে উদীচী, ছাত্র ইউনিয়ন ও যুব ইউনিয়ন। সোমবার সন্ধ্যায় এ কর্মসূচি শেষে সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনগুলোর নেতারা বক্তব্য দেন। তাঁরা বলেন, বিজয়ের ৫৪ বছর পরও মুক্তিযুদ্ধকে ঘিরে নানা ষড়যন্ত্র চলছে এবং মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার নতুন চক্রান্ত দেখা দিচ্ছে। উদীচীর কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মকবুল-এ-এলাহী মশগুল, সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন, সাবেক সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির সভাপতি ফজলুর রহমান, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এবং ছাত্র ইউনিয়নের সভাপতি মাহির শাহরিয়ার রেজা। সমাবেশ পরিচালনা করেন উদীচীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে। পরে উপস্থিত সবাইকে শপথ পাঠ করান মাহমুদ সেলিম। এর আগে সন্ধ্যা ছয়টায় শিল্পকলা একাডেমির সামন থেকে আলোর মিছিল শুরু হয়ে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে গিয়ে শেষ হয়। মিছিলে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রচারিত বিভিন্ন গণসংগীত সমবেত কণ্ঠে পরিবেশিত হয়। পরে শিখা চিরন্তনে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।
পছন্দ হলে শেয়ার করুন: