আজ ঢাকার তাপমাত্রা নেমে ১৬ ডিগ্রিতে
রাজধানীতে শীতের উপস্থিতি আরও প্রকট হয়ে উঠেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোরে ঢাকার তাপমাত্রা হঠাৎ কমে দাঁড়িয়েছে ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে—সকাল ৬টায় রেকর্ড হওয়া যা চলতি সপ্তাহের সর্বনিম্ন তাপমাত্রা।
ভোর থেকে বিভিন্ন এলাকায় হালকা থেকে ঘন কুয়াশা দেখা দেওয়ায় শীতের অনুভূতি আরও তীব্র হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, আর আজ সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৬ ডিগ্রি সেলসিয়াসে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাতের কোনো রেকর্ড নেই।
ঢাকা ও আশপাশের এলাকার জন্য আজ বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের অবশিষ্ট সময় আকাশ পরিষ্কার থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে।
উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে হালকা বাতাস বইতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রায় তেমন পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।
পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ। এদিকে, সারা দেশেই অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতে সামান্য হ্রাস পেতে পারে। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১২ মিনিটে, আর আগামীকাল সূর্যোদয় হবে সকাল ৬টা ৩২ মিনিটে।