আগামী সপ্তাহেই যাত্রা শুরু করবে নতুন একীভূত ব্যাংক: গভর্নর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, পাঁচটি দুর্বল ব্যাংককে একীভূত করে গঠিত নতুন ব্যাংকের যাত্রা আগামী সপ্তাহেই শুরু হতে পারে। তিনি বলেন, “অচল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো নিয়ে কিছু করার দরকার ছিল। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ প্রয়োগ করে পাঁচ ব্যাংককে নিয়ে আমরা একটি শক্তিশালী নতুন ব্যাংক গঠন করছি।”
শনিবার (২৯ নভেম্বর) ‘বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন ২০২৫’-এর উদ্বোধনী অধিবেশনে গভর্নর এই তথ্য জানান। সম্মেলনে সরকারের শীর্ষ নীতিনির্ধারক, অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
নতুন ব্যাংক ৩৫ হাজার কোটি টাকার পরিশোধিত মূলধন নিয়ে দেশের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ব্যাংক হিসেবে পরিচিত হবে। গভর্নর বলেন, “দুর্বল ব্যাংকগুলোকে একত্রিত করে একটি সবল ব্যাংক গড়ে তোলা হয়েছে। দেশের অর্থনীতিতে ইতিবাচক অগ্রগতি রয়েছে; বিনিময় হার স্থিতিশীল এবং কারেন্ট অ্যাকাউন্ট সারপ্লাস ভালো অবস্থানে আছে।”
তিনি আরও বলেন, আসন্ন রমজানে বাজারে কোনো সরবরাহ সংকট হবে না। তবে খেলাপি ঋণের বাস্তব চিত্র ভয়াবহ—চলতি সময়ে খেলাপি ঋণ ৩৫ শতাংশে পৌঁছেছে। এছাড়া নীতি সুদহার বর্তমানে মূল্যস্ফীতির তুলনায় বেশি নয়।
সম্মেলনে বক্তব্য রাখেন বিআইডিএস মহাপরিচালক ড. এ কে এনামুল হক, হা-মীম গ্রুপ চেয়ারম্যান এ কে আজাদ, বিএসএমএ সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং সিটি ব্যাংক এমডি মাসরুর আরেফিন। তারা দেশের বিনিয়োগ পরিবেশ, অর্থনীতির নীতি এবং ব্যাংক খাতের সংস্কার নিয়ে অভিমত প্রকাশ করেন।