“আগামী নির্বাচন হবে ঐতিহাসিক”—ইউএনওদের উদ্দেশে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
গণ–অভ্যুত্থানের পর আসন্ন জাতীয় নির্বাচনকে “নতুন বাংলাদেশ গড়ার সুযোগ” হিসেবে বর্ণনা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, নির্বাচনকে সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজন করে এ দিনটিকে ইতিহাসে স্মরণীয় করে রাখতে হবে। আজ বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে নির্বাচন প্রস্তুতি বিষয়ে ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন। এ সময় সব জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার ও মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারাও যুক্ত ছিলেন।
ইউনূস বলেন, “ইতিহাস আমাদের নতুন করে সুযোগ দিয়েছে। আপনারা এই সুযোগ কাজে লাগাতে পারলে নতুন বাংলাদেশ গড়বে; ব্যর্থ হলে জাতি পিছিয়ে পড়বে।” অতীতের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “যেকোনো সুস্থ মানুষ বলবে—ওগুলো নির্বাচন নয়, ছিল প্রতারণা।”
আসন্ন নির্বাচনকে একটি ঐতিহাসিক দায়িত্ব উল্লেখ করে তিনি ইউএনওদের বলেন, সঠিকভাবে দায়িত্ব পালন করলে সরকারও তার দায়িত্ব সফলভাবে সম্পন্ন করতে পারবে। তিনি জানান, জাতীয় নির্বাচন পাঁচ বছরের জন্য হলেও গণভোট শত বছরের সিদ্ধান্ত—যা বাংলাদেশের ভবিষ্যৎ স্থায়ীভাবে বদলে দিতে পারে।
সদ্য যোগদান করা ইউএনওদের উদ্দেশে তিনি শান্তিপূর্ণ ও আনন্দমুখর নির্বাচন আয়োজনের আহ্বান জানান। একই সঙ্গে সব পোলিং স্টেশন পরিদর্শন, এলাকাবাসী ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন।
গণভোট বিষয়ে ভোটারদের সচেতন করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “ভোটারদের বুঝিয়ে বলুন—মন ঠিক করে আসুন, ‘হ্যাঁ’ দেবেন নাকি ‘না’।”
নারী ভোটারদের অগ্রাধিকার নিশ্চিত করা, অপতথ্য–গুজব প্রতিরোধ এবং যেকোনো পরিস্থিতিতে সৃজনশীলভাবে কাজ করার নির্দেশও দেন তিনি। শিগগিরই তফসিল ঘোষণা হবে জানিয়ে প্রধান উপদেষ্টা ইউএনওদের এখন থেকেই পরিকল্পনা ও প্রস্তুতি নিতে বলেন।
অনুষ্ঠানে মুখ্যসচিব এম সিরাজ উদ্দিন মিয়া, মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।