বাণিজ্য

আগামী জুলাই থেকে সব প্রতিষ্ঠানে ক্যাশলেস লেনদেন: গভর্নর

শেয়ার করুন:
আগামী জুলাই থেকে সব প্রতিষ্ঠানে ক্যাশলেস লেনদেন: গভর্নর
দেশের সব ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), বীমা প্রতিষ্ঠান ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে ২০২৭ সালের জুলাই থেকে ক্যাশলেস আন্তঃলেনদেন ব্যবস্থা চালু হবে। এতে লেনদেনের জন্য আর ক্যাশ আউটের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে গভর্নর বলেন, ডিজিটাইজেশন ছাড়া আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনার বিকল্প নেই। আন্তঃলেনদেন ব্যবস্থা চালু হলে দুর্নীতি কমবে, স্বচ্ছতা বাড়বে এবং সরকারের রাজস্ব আদায়ও আরও সহজ হবে বলে তিনি মন্তব্য করেন। অনুষ্ঠানে আন্তঃলেনদেন প্ল্যাটফর্ম স্থাপনের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক এবং গেটস ফাউন্ডেশনের উদ্যোগ ‘মোজোলুপ’-এর মধ্যে একটি চুক্তি সই হয়। নিরাপত্তাজনিত কারণে চুক্তিটি ভার্চুয়ালি সম্পন্ন হয়েছে বলে জানান গভর্নর। তিনি আরও জানান, মোজোলুপের সহায়তায় তৈরি এই নতুন প্ল্যাটফর্মের নাম হবে ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম (IISP)। এটি চালু হলে দেশের আর্থিক খাতে ক্যাশলেস লেনদেন আরও দ্রুত, নিরাপদ ও সহজ হবে।
পছন্দ হলে শেয়ার করুন: